হাসিনাকে ফেরত না দিলে ভারত যাবেন না তারেক রহমান: দ্য ট্রিবিউন

Online desk _

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন না বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ট্রিবিউন।

কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে শুক্রবার (১৪ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইতোমধ্যে আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি।
দ্য ট্রিবিউনের দাবি অনুযায়ী, গত ১০ আগস্ট ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। প্রায় ৪৫ মিনিটের ওই বৈঠকে ভারত-বাংলাদেশ সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে শেখ হাসিনাকে ফেরত না দেওয়া পর্যন্ত ভারত সফরে না যাওয়ার বিষয়ে নিজের অবস্থান ভারতীয় কূটনীতিককে জানান তারেক রহমান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও ইতিবাচক ও গঠনমূলকভাবে এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয়। বৈঠক শেষে দীনেশ ত্রিবেদী সাংবাদিকদের বলেন, দুই দেশের মধ্যে এমন কোনো সমস্যা নেই, যা সমাধান করা সম্ভব নয়।
এর আগে জুলাইয়ের শেষ দিকেও ভারতীয় হাইকমিশনার বলেছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করলে দুই দেশের সম্পর্ক আরও গঠনমূলকভাবে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।
তবে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে বাংলাদেশের এই অবস্থান নিয়ে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পূর্বের খবর“অসহনীয় লোডশেডিং এবং দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষ দিশেহারা”