Online desk :_
কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ ও অব্যবস্থাপনা দেখে চরম ক্ষোভ প্রকাশ করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। পরিদর্শনের সময় শৌচাগারের জঘন্য অবস্থা দেখে নিজেই তা পরিষ্কার করার ঘোষণা দেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মন্ত্রীকে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়। ঘটনাটি গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কুমেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সেবা কার্যক্রম পরিদর্শনের সময়ের।
ভিডিওতে দেখা যায়, শৌচাগারের নোংরা পরিবেশ দেখে ভারপ্রাপ্ত পরিচালক মো. শাহজাহানকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, “হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব। যদি আমি পারি তাহলে আপনার কাছে জানতে চাইব, আপনি কেন পারলেন না। আই ওয়ান্ট টু ক্লিন রাইট নাও।”
তিনি আরও বলেন, “টাইলসের ওপর কালো দাগ থাকার কথা নয়, হারপিক ব্যবহার করলেই এগুলো পরিষ্কার হয়ে যায়। সব ফ্লোরে ছয়টি করে শৌচাগারের মধ্যে পাঁচটিই বন্ধ! অন্তত শৌচাগারগুলো তো আপনারা ঠিক রাখবেন।”
পরিদর্শনকালে কেবল শৌচাগারই নয়, হাসপাতালের রোগীদের ওয়ার্ডের নষ্ট বৈদ্যুতিক পাখা ও সার্বিক অব্যবস্থাপনা মন্ত্রীর নজরে আসে। দীর্ঘদিন ধরে অকেজো থাকা পাখাগুলো অবিলম্বে মেরামতের নির্দেশ দেন তিনি।
এ বিষয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক মো. শাহজাহান জানান, শৌচাগার মেরামতের জন্য গণপূর্ত বিভাগকে বলা হয়েছে। পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত ১১ জন সরকারি ও ৬৩ জন আউটসোর্সিং কর্মচারীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।









































