ফ্যামিলি কার্ড ও কৃষি সহায়তায় প্রান্তিক মানুষের জীবনযাত্রার মান বাড়ছে: মহাপরিচালক

কক্সবাজার প্রতিনিধি | ২৫ আগস্ট ২০২৬

​গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা এবং প্রান্তিক মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল। তিনি জানান, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং কৃষি ঋণ মওকুফের মতো সরকারের অগ্রাধিকার কর্মসূচিগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশের সাধারণ মানুষ সুফল পেতে শুরু করেছে।

​মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টায় কক্সবাজার পৌরসভার সাহিত্যিকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক ‘ফ্যামিলি সমাবেশে’ ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারের উন্নয়নমূলক কার্যক্রম জনগণকে জানাতে কক্সবাজার জেলা তথ্য অফিস এই সমাবেশের আয়োজন করে।

​ভিডিও কলে বক্তব্য দেওয়ার সময় মহাপরিচালক আরও বলেন, “জনকল্যাণে সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড, কৃষি ঋণ মওকুফ, খাল খনন ও বৃক্ষরোপণের মতো নানা কর্মসূচি পুরোদমে বাস্তবায়ন করছে। পাশাপাশি দেশের সব ধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতাদের জন্য মাসিক সম্মানী ভাতা দেওয়ার ঐতিহাসিক উদ্যোগও শুরু হয়েছে।” এ সময় তিনি শিশুদের নৈতিক শিক্ষায় গড়ে তুলতে মায়েদের বিশেষ ভূমিকা রাখার আহ্বান জানান।

​সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ জানান, প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে সরকার সারাদেশে ৪ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। চলমান অর্থবছরেই ৪০ লাখ পরিবারকে এই কার্ড প্রদান করা হবে।

​কক্সবাজার জেলা তথ্য অফিসার মো: আব্দুছ ছাত্তারের সভাপতিত্বে এবং সহকারী তথ্য অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গুলশান আক্তার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার।

​সমাবেশে বক্তারা সামাজিক সুরক্ষার পাশাপাশি দুর্নীতি, মাদক, গুজব, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মানব পাচার প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা করেন। অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন এবং শেষে সচেতনতামূলক বিভিন্ন ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

পূর্বের খবর​৫ সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে লংমার্চ সফল করতে উখিয়ায় জামায়াতের প্রস্তুতি বৈঠক