কক্সবাজারের কুতুবজোম ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সাম্প্রতিক অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ জুলাই ২০২৬) অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় ক্ষতিগ্রস্ত মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমির মওলানা নুর আহমেদ আনোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জাকের হোসাইন।
এছাড়াও উপস্থিত ছিলেন কামরুল হাসান, অ্যাডভোকেট নুরুল ইসলাম, মাস্টার শামীম ইকবাল, হাফেজ আব্দুর রহিম, জাহাঙ্গীর আলম, ডা. শামশুল আলম, মওলানা মুহাম্মদ হোসাইনসহ স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ।

এ সময় প্রধান অতিথি মওলানা নুর আহমেদ আনোয়ারী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেওয়া ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব। তবে এখন পর্যন্ত সরকার কার্যকর পদক্ষেপ নিতে পারেনি বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, প্রধান বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিজেদের সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকবে।











































