মহেশখালী (কক্সবাজার):
মৎস্য উৎপাদন বৃদ্ধি, পারিবারিক পুষ্টি নিশ্চিতকরণ ও আয় বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারের মহেশখালীতে ব্র্যাকের উদ্যোগে নির্বাচিত উপকারভোগীদের মাঝে উন্নত জাতের ‘তেলাপিয়া-২’ রেণুপোনা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ব্র্যাক মহেশখালী এরিয়া অফিসের অধীনে বিভিন্ন শাখায় এই রেণুপোনা বিতরণ করা হয়। এর মধ্যে মহেশখালী সদর শাখায় ২০ জন, কুতুবজোম কালামিয়া বাজার শাখায় ৪০ জন, হোয়ানক শাখায় ৩০ জন, বড় মহেশখালী শাখায় ১০ জন এবং ছোট মহেশখালী শাখায় ১০ জনসহ মোট ১১০ জন গ্রাহকের মাঝে এই পোনা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ব্র্যাকের কর্মকর্তারা জানান, প্রচলিত জাতের তুলনায় ‘তেলাপিয়া-২’ প্রায় ৩০ শতাংশ দ্রুত বৃদ্ধি পায়, যা কম সময়ে বাজারজাত করে ভালো লাভ করা সম্ভব। পোনা বিতরণের পাশাপাশি চাষিদের সঠিক মাছ চাষ পদ্ধতি ও পরিচর্যার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
অনুষ্ঠানে ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম (দাবি)-এর এলাকা ব্যবস্থাপক অসীম কুমার বিশ্বাস, উপজেলা ব্যবস্থাপক (অর্থ ও হিসাব) আশুতোষ দত্ত, দাবি ব্রাঞ্চ ব্যবস্থাপক নাজেম উদ্দীন, স্বাস্থ্য কর্মসূচির প্রোগ্রাম অফিসার হাবীব উল্লাহসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।














































