কওমি শিক্ষার্থীদের জামায়াতে যোগদান নিয়ে উদ্বেগ

কওমি ঘরানার কিছু পরিচিত আলেম সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। একই সঙ্গে বিভিন্ন কওমি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের একটি অংশও জামায়াতের প্রতি আগ্রহী হচ্ছেন বলে উদ্বেগ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
এ বিষয়ে গত ১৬ জুলাই চট্টগ্রামের ফটিকছড়ির জামেয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে কওমি ঘরানার সাতটি ইসলামি দলের শীর্ষ নেতাদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৈঠকে ভবিষ্যতে ইসলামি দলগুলোর মধ্যে ঐক্য বজায় রেখে একসঙ্গে কাজ করার বিষয়ে সবাই একমত হন।
বৈঠকে উপস্থিত একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কিছু কওমি আলেম জামায়াতের সঙ্গে সম্পৃক্ত থাকায় শিক্ষার্থীদের একটি অংশও দলটিতে যোগ দিচ্ছেন। ভবিষ্যতে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়। তাঁর দাবি, বিএনপিতে কেউ যোগ দিলে সে বিষয়ে তেমন আলোচনা হয়নি, তবে জামায়াতে যোগদানের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী বলেন, শিক্ষার্থীদের জামায়াতে যোগদানের বিষয়টি বৈঠকের মূল আলোচ্যসূচিতে ছিল না। তবে আলোচনার এক পর্যায়ে বিষয়টি উঠে আসে। তিনি বলেন, হেফাজতের অনেক আলেম এখনো জামায়াতে ইসলামীকে হকপন্থি ইসলামী দল হিসেবে মনে করেন না। সে কারণেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
তিনি আরও বলেন, কওমি তরুণদের একটি অংশ বিএনপিতেও যোগ দিচ্ছেন। কিন্তু সে বিষয়ে বৈঠকে তেমন আলোচনা হয়নি। তাঁর মতে, বিষয়টি নিয়েও আলোচনা হওয়া উচিত।

পূর্বের খবরবিটিআরসির আইন উপদেষ্টা হলেন মহেশখালীর কৃতী সন্তান ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন