আবু তৈয়ব, কক্সবাজার প্রতিনিধি:
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারে বিশাল গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কক্সবাজার জেলা শাখা। শনিবার (১ আগস্ট) বিকেলে শহরের প্রধান সড়কে এ গণমিছিল অনুষ্ঠিত হয়।

গণমিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেন, “২০২৪ সালের জুলাই আন্দোলন শুধুমাত্র কোনো ক্ষমতার পালাবদলের আন্দোলন ছিল না। এটি ছিল আওয়ামী ফ্যাসিবাদের কবল থেকে দেশকে মুক্ত করে মানুষের ভোটাধিকার, বাক স্বাধীনতা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আন্দোলন।”
সংবিধানের দোহাই দিয়ে গণভোট পাশ কাটানোর যেকোনো ষড়যন্ত্র অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে। ক্ষমতার জোরে জনমতকে অবজ্ঞা করে রাষ্ট্র পরিচালনা করলে তার পরিণতি কখনো শুভ হতে পারে না। জুলাই সনদের আলোকে গণভোটের রায় বাস্তবায়ন করে জনআকাঙ্ক্ষা পূরণ করুন, অন্যথায় এদেশের মানুষ আবারো অধিকার প্রতিষ্ঠায় রাজপথে নামতে বাধ্য হবে।”
এর আগে বিকেল ৪টা থেকে জেলার বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা কক্সবাজার জেলা প্রশাসন কার্যালয় চত্বরে জমায়েত হন। সমাবেশ শেষে একটি বিশাল গণমিছিল জেলা প্রশাসন কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পেট্রোল পাম্প এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণের পাশাপাশি রাস্তার দু’পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ অভিবাদন জানান।
জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম ও সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, মাওলানা দেলাওয়ার হোছাইন, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, মুহাম্মদ শাহজাহান, জাকির হোছাইন, কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুক, রামু উপজেলা আমীর ফজলুল্লাহ মু. হাসান, ঈদগাঁও উপজেলা আমীর মাওলানা সলিম উল্লাহ জিহাদী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আখতার উদ্দিন হেলালী এবং কক্সবাজার জেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি আবু তালহা প্রমুখ।
এছাড়াও সমাবেশে জেলা জামায়াতের নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, বিভিন্ন উপজেলা ও শহর শাখার নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।












































