সরওয়ার কামাল, মহেশখালী │ ২ অক্টোবর
মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরুনতলীতে অভিযান চালিয়ে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ ৩ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১ অক্টোবর বিকালে মহেশখালী কোস্ট গার্ড স্টেশন একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় অস্ত্র ও গোলাবারুদ ক্রয়-বিক্রয়ের সময় ৩ জনকে আটক করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, রাইফেলের ৫ রাউন্ড তাজা গুলি এবং শটগানের জন্য ব্যবহৃত ২৫ রাউন্ড বিদেশি কার্তুজ উদ্ধার করা হয়।
জব্দকৃত অস্ত্র ও আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্ট গার্ডের ওই কর্মকর্তা। তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।












































