মহেশখালীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে ড. হামিদুর রহমান আযাদ

মহেশখালী, ২ অক্টোবর ২০২৫:
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, “মহেশখালী-কুতুবদিয়াসহ সারা দেশে সাধারণ মানুষের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন অটুট আছে, ইনশাআল্লাহ অটুট থাকবে। ইসলামই সকল ধর্মের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করেছে। ইসলাম কখনো সাম্প্রদায়িকতাকে সমর্থন করে না।”
গতকাল বৃহস্পতিবার মহেশখালীতে দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে এ কথা বলেন।
ড. আযাদ আরও বলেন, অতীতে ফ্যাসিবাদের দোসররা সাম্প্রদায়িক সম্প্রীতির ধোঁয়া তুলে দেশে দাঙ্গা সৃষ্টি করার ষড়যন্ত্র চালিয়েছিল। তারা সম্প্রীতি বিনষ্ট করে জাতিকে বিভক্ত করার চেষ্টা করেছে। যদিও আজ ফ্যাসিবাদ নেই, তবুও তাদের দোসররা এখনও নানা ষড়যন্ত্র চালাচ্ছে।
তিনি বলেন, “যারা বুলেটকে বুক পেতে ধারণ করতে পারে, জেল-জুলুম, গুম-খুনকে ভয় পায় না, তারাই বুকের তাজা রক্ত দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবে এবং নতুন বাংলাদেশ গড়ে তুলবে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বিশ্বাসীরা দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাশত করবে না।”
আগামীতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
মহেশখালী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শান্তিলাল নন্দির সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় হিন্দু সম্প্রদায়ের নেতা সুব্রত দত্ত, জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা কর্মপরিষদ সদস্য মো. জাকের হোসাইন ও উপজেলা সেক্রেটারি মাওলানা আবদুর রহীম বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন মাওলানা আবদুল মালেক, সৈয়দ কবিরসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।










































