সরওয়ার কামাল :
অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননা ও পুরস্কার পেয়েছেন মহেশখালী থানার ওসি (তদন্ত) প্রতুল কুমার শীল। গত ২৯ আগস্ট তার নেতৃত্বে পরিচালিত অভিযানে ৮টি সচল আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
গত ২ সেপ্টেম্বর কক্সবাজার জেলা পুলিশ লাইনে আয়োজিত এক অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম আনুষ্ঠানিকভাবে তার হাতে এ পুরস্কার তুলে দেন।
সম্মাননা প্রাপ্তিতে ওসি (তদন্ত) প্রতুল কুমার শীল বলেন, “এই অর্জন পুরো মহেশখালী থানা পুলিশের পেশাদারিত্বের স্বীকৃতি। এটি মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের অপরাধ দমনে আরও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে।”
একই দিন কক্সবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড ও বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিআইজি পুলিশ সদস্যদের শৃঙ্খলা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন এবং মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখার নির্দেশনা দেন।













































