শিক্ষকদের ন্যায়সংগত অধিকার নিশ্চিত করা হবে

মহেশখালীতে আদর্শ শিক্ষক ফেডারেশনের সমাবেশে ড. হামিদুর রহমান আযাদ

শিক্ষকদের ন্যায়সংগত অধিকার নিশ্চিত করা হবে
তারিখ: ১৬ আগস্ট ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, শিক্ষক সমাজ সবসময় অবহেলিত। প্রত্যেক সরকার শিক্ষকদের প্রতি অবিচার করেছে, তাই তাদের অধিকার আদায়ে বারবার রাজপথে আন্দোলনে নামতে হয়েছে। তিনি বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শিক্ষকদের অধিকার আদায়ে আর আন্দোলন করতে হবে না।

তিনি আরও বলেন, “শিক্ষক সমাজ সম্মানিত হলে জাতি সম্মানিত হবে, শিক্ষকদের পিছনে রেখে কোন দেশ উন্নত হতে পারে না।”
তিনি সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করে জাতীয়করণের দাবি জানান এবং মহেশখালী উপজেলা দ্বীপভুক্ত হওয়ায় এখানকার সরকারি চাকরিজীবীদের জন্য দ্বীপ ভাতা প্রদানের আহ্বান জানান।

১৬ আগস্ট শনিবার মহেশখালী উপজেলা হল রুমে আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মাষ্টার আব্দুল মান্নানের সভাপতিত্বে ও মাষ্টার আনসারুল্লাহ হেলালীর সঞ্চালনায় আয়োজিত শিক্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— কক্সবাজার জেলা জামায়াতের সাবেক আমির ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মোস্তাফিজুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, এড. জাফরুল্লাহ ইসলামাবাদী, মহেশখালী উপজেলা দক্ষিণের আমির মাষ্টার শামিম ইকবাল, মহেশখালী কলেজের সহকারী অধ্যাপক আহমেদ কবির, বিভিন্ন স্কুল ও কলেজের প্রধান শিক্ষকসহ বিপুলসংখ্যক শিক্ষকবৃন্দ।

ড. হামিদুর রহমান আযাদ এর আগে বড় মহেশখালী ইউনিয়নে তৃণমূল দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন এবং বড় মহেশখালী ৬ নং ওয়ার্ডে সেবা ফাউন্ডেশনের উদ্বোধন করেন।

পূর্বের খবরকক্সবাজারে জামায়াতের কেন্দ্র কমিটি গঠন ও সহযোগী সম্মেলন অনুষ্ঠিত
পরবর্তি খবর“ইসলামী আদর্শেই শান্তি, উন্নয়ন ও নিরাপত্তার গ্যারান্টি”— জেলা আমীর আনোয়ারী