‘ব্যক্তিগত আক্রমণ করলে চুমু দেব—এমন সুশীল আমি নই’: রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক: ব্যক্তিগত আক্রমণ সহ্য করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একইসঙ্গে জামায়াত ও এনসিপি-র সমালোচনা করে তিনি বলেন, তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে মূলত ‘ভণ্ডবস্তের’ রাজনীতি শুরু করেছে।

সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টকশোতে এনসিপি নেতা সারোয়ার তুষারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান রাশেদ খান। পরবর্তীতে ওই ঘটনার প্রেক্ষিতে আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি তাঁর অবস্থান ব্যাখ্যা করেন।

পোস্টে রাশেদ খান দাবি করেন, টকশোতে তিনি গঠনমূলক আলোচনা করলেও সারোয়ার তুষার তাকে উদ্দেশ্য করে ব্যক্তিগত আক্রমণাত্মক মন্তব্য করেন। তুষারের ‘মিডিয়া দেখলে আগে, পুলিশ দেখলে পিছে’—এমন মন্তব্যের জবাবে তিনি নিজের রাজনৈতিক ত্যাগের চিত্র তুলে ধরেন।

রাশেদ খান উল্লেখ করেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে তিনি কারাভোগ ও রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছেন এবং ২০২৪ সাল পর্যন্ত রাজপথে সক্রিয় ছিলেন। গণ-অভ্যুত্থানের দিনগুলোতে ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও রাজনৈতিক দলগুলোর মধ্যে যোগাযোগ রক্ষা, লজিস্টিক সাপোর্ট প্রদান এবং জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকের আয়োজনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে দাবি করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই ঘটনার পর থেকে রাজনৈতিক অঙ্গনে রাশেদ খানের এই মন্তব্য নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

পূর্বের খবরপ্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করে বিদ্যুৎ সংকটের ১৫ দফা সমাধান প্রস্তাব বিরোধী দলের
পরবর্তি খবরপরিপাকতন্ত্রের সুস্থতায় ঘরোয়া ৫টি সহজ বদল