প্রেস বিজ্ঞপ্তি, ২৪ নভেম্বর ২০২৬
বাহারছড়া ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় শামলাপুর বাজারস্থ তাহের কনভেনশন হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে আসন্ন বাহারছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাওলানা মোস্তাক আহমদকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী তাঁর নাম ঘোষণা করেন।
নির্বাচন কমিশনের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে টেকনাফ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাহারছড়া ইউনিয়নে দলীয় প্রার্থী ঘোষণা ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের অংশ হিসেবে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহারছড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মোহাম্মদ ইসলাম। সম্মেলন সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, ও জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক নুরুল হোসাইন সিদ্দিকী। এছাড়া উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিক উল্লাহ, উপজেলা জামায়াতের ঁসহকারী সেক্রেটারি সরওয়ার কামাল সিকদারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।
চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোস্তাক আহমদের নাম ঘোষণাকালে প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে যোগ্য, সৎ ও জনকল্যাণে নিবেদিত নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী কাজ করছে। বাহারছড়া ইউনিয়নের মানুষের প্রত্যাশা, এলাকার উন্নয়ন, জনসেবা ও স্থানীয় সমস্যার সমাধানে প্রার্থীকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।
সম্মেলনে বক্তারা স্থানীয় পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা, কর্মীদের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি এবং জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে এলাকার শিক্ষা, যোগাযোগব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।












































