বন্যাদুর্গতদের পাশে সরকার, ক্ষয়ক্ষতি জরিপ শেষে পুনর্বাসনে দ্রুত ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার, ১৭ জুলাই ২০২৬: দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বন্যাদুর্গত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি উদ্যোগ অব্যাহত রয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে দ্রুত পুনর্বাসন কার্যক্রম শুরু করা হবে।
শুক্রবার কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামো পুনর্নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
তিনি আরও বলেন, “বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে।”
ত্রাণ বিতরণ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ার ছড়াকুল এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ, সড়ক ও বসতবাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন, তাদের দুর্ভোগের কথা শোনেন এবং সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, কক্সবাজারের জেলা প্রশাসক এবং চকরিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্বের খবরকুতুবদিয়ায় ৩৫০ বন্যার্ত পরিবারের মাঝে উপজেলা জামায়াতের ত্রাণ বিতরণ
পরবর্তি খবরবন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ প্রতিমন্ত্রীর