রাসূল (সা.)-এর আদর্শেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব: আনোয়ারী
চকরিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার উদ্যোগে কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেন, বর্তমান বিশ্বে শান্তি, সমৃদ্ধি, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের বিকল্প নেই। মানুষের কাঙ্ক্ষিত সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী আদর্শ অনুসরণ করা প্রয়োজন।
তিনি বলেন, ইসলামী আদর্শের ভিত্তিতে সমাজ পরিবর্তনের সঙ্গে যুক্ত কর্মীদের নিজেদের জীবনে সেই আদর্শের বাস্তব প্রতিফলন ঘটাতে হবে।
উপজেলা আমীর মাওলানা আবুল বাশারের সভাপতিত্বে শিক্ষাশিবিরে বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, জেলা সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য আখতার আহমদ ও কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুক।
উপজেলা সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা কর্মপরিষদের সদস্য ও বিভিন্ন ইউনিয়নের জামায়াত কর্মীরা অংশ নেন।












































