সরওয়ার কামাল মহেশখালী২৭ জুলাই
মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের নতুন বাজারে পুলিশ অভিযান চালিয়ে অনলাইন জুয়ার দুই এজেন্টকে গ্রেফতার করেছে পুলিশ। ২৭ জুলাই দিবাগত রাতে মাতারবাড়ী নতুন বাজারের পুরাতন সিএনজি স্টেশনের পূর্ব পাশে অবস্থিত ‘বউয়ের জ্বালা’ হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মাতারবাড়ী ইউনিয়নের সাইরার ডেইল এলাকার নাছির উদ্দিনের ছেলে আলফাজ (২৬) ও একই এলাকার আমির আলীর ছেলে মোঃ শাহেদ (২১)।
মহেশখালী থানার ওসি আব্দুস সুলতান জানান, জুয়ার সঙ্গে জড়িত থাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির এস,আই মোজাহেরুল ইসলাম ও এসআই ইকবাল হোসেনের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাতারবাড়ী নতুন বাজারের পুরাতন সিএনজি স্টেশনের পূর্ব পাশে অবস্থিত ‘বউয়ের জ্বালা’ হোটেল থেকে দুইজনকে আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদে স্থানীয়ভাবে অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।











































