জেলে পরিবারকে মাসে ১০০ কেজি চাল দেবে জামায়াত সরকার — ড. হামিদুর রহমান আযাদ

 

কুতুবদিয়া:
জামায়াত রাষ্ট্রক্ষমতায় গেলে জেলে পরিবারকে প্রতি মাসে ১০০ কেজি করে চাল দেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এ.এইচ.এম. হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, “সমুদ্রে মাছ ধরতে গিয়ে জেলেরা যাতে হয়রানির শিকার না হয়, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। জলদস্যুদের দৌরাত্ম্য বন্ধে নৌ–পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ডকে আরও সক্রিয় হতে হবে।”

বুধবার (২২ অক্টোবর) কুতুবদিয়া উপজেলা জামায়াতের উদ্যোগে উত্তরাঞ্চলের ধূরুং হাইস্কুল মাঠে এবং দক্ষিণাঞ্চলের কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মৎস্যজীবী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চল জামায়াতের টিম সদস্য ও কক্সবাজার জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মুস্তাফিজুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন কুতুবদিয়া উপজেলা আমীর আ.স.ম. শাহরিয়ার চৌধুরী, সেক্রেটারি মাওলানা নুরুল আমিন, মাঝি মো. হোসাইন, তপন দাস ও শফিউল আলম মাঝি প্রমুখ।

ড. আযাদ বলেন, “দেশের মানুষ আর কোনো প্রহসনের নির্বাচন দেখতে চায় না। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে পিআর পদ্ধতি চালুর আগে গণভোট আয়োজন করতে হবে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “সরকার বদল হয়েছে অনেকবার, কিন্তু মানুষের ভাগ্য বদলায়নি। জামায়াতে ইসলামী সৎ, যোগ্য ও ন্যায়পরায়ণ নেতৃত্ব গড়ে তোলার প্রশিক্ষণ দেয়। সুযোগ পেলে দুর্নীতি, চাঁদাবাজি দূর করে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেবে।”

সমাবেশ শেষে তিনি ধূরুং ও বড়ঘোপ বাজারে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগে অংশ নেন।

পূর্বের খবরজুলাই সনদ বাস্তবায়নে অবিলম্বে আদেশ জারি ও গণভোটের দাবি ড. হামিদুর রহমান আযাদের
পরবর্তি খবরমহেশখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত