জুলাই সনদ বাস্তবায়নে অবিলম্বে আদেশ জারি ও গণভোটের দাবি ড. হামিদুর রহমান আযাদের

 

কক্সবাজার প্রতিনিধি | ২০ অক্টোবর ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় গঠনমূলক রাজনীতি ও অর্থবহ সংস্কারের পক্ষে কাজ করেছে বলে মন্তব্য করেছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, “একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পূর্বশর্ত হলো জুলাই সনদ বাস্তবায়ন। তাই অবিলম্বে এ বিষয়ে আদেশ জারি ও গণভোটের ব্যবস্থা করতে হবে।”

সোমবার (২০ অক্টোবর) কক্সবাজার জেলা জামায়াত আয়োজিত চকরিয়া ও কক্সবাজার শহর অঞ্চলের বিশেষ রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে ড. আযাদ আরও বলেন, “সরকার জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করলে জনগণকে সঙ্গে নিয়ে দাবি আদায় করতে আমরা বাধ্য হবো। জনগণ এখন দুর্নীতি, দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার। আগামী নির্বাচনে তারা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়ে তুলবে।”

তিনি রুকনদের উদ্দেশে বলেন, “ইলম ও আমলে মনোনিবেশ করতে হবে, চারিত্রিক গুণে মানুষের মন জয় করতে হবে, এবং সত্য ও কল্যাণের পথে মানুষকে আহ্বান জানাতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান।
সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম।

সভায় আরও বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মুফতি মাওলানা হাবিবুল্লাহ, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ,
চকরিয়া-পেকুয়া আসনের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক, কক্সবাজার-৩ আসনের প্রার্থী শহিদুল আলম বাহাদুর, এবং জেলা কর্মপরিষদ সদস্যবৃন্দ।

এছাড়া বিভিন্ন উপজেলা ও পৌর আমীরগণসহ বিপুল সংখ্যক রুকন উপস্থিত ছিলেন।

পূর্বের খবরমাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্র ও গভীর সমুদ্র বন্দর নিয়ে মতবিনিময় সভা
পরবর্তি খবরজেলে পরিবারকে মাসে ১০০ কেজি চাল দেবে জামায়াত সরকার — ড. হামিদুর রহমান আযাদ