জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে কক্সবাজারে জামায়াতের মানববন্ধন

কক্সবাজার, (নিজস্ব প্রতিবেদক):
জুলাই সনদের ভিত্তিতে পিআর (Proportional Representation) পদ্ধতিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা গণদাবি বাস্তবায়নের লক্ষ্যে কক্সবাজারে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখা। বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টায় শহরের কোর্ট বিল্ডিং প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “বর্তমান সংখ্যাগরিষ্ঠ ভিত্তিক নির্বাচন ব্যবস্থা জনগণের বৃহৎ অংশকে প্রতিনিধিত্বহীন করে রেখেছে। এ অবস্থা থেকে উত্তরণের একমাত্র উপায় হলো পিআর পদ্ধতি গ্রহণ।” তিনি সরকারের প্রতি আহ্বান জানান, জনগণের মতামতের ভিত্তিতে আগামী নভেম্বরের মধ্যে জুলাই সনদ অনুযায়ী গণভোট ও পিআর পদ্ধতির বাস্তবায়ন করতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে রাজপথেই চূড়ান্ত সমাধান করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

বক্তারা বলেন, পিআর পদ্ধতি চালু হলে কোনো ভোট নষ্ট হবে না, ছোট-বড় সব দল তাদের প্রকৃত সমর্থনের ভিত্তিতে সংসদে প্রতিনিধিত্ব পাবে। তারা জুলাই সনদকে আইনি মর্যাদা দিতে নির্বাচনের পূর্বে গণভোটের দাবি জানান।

জেলা সাংগঠনিক সম্পাদক আল আমীন মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা দেলাওয়ার হোসাইন, মানবাধিকার সেক্রেটারি অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, কক্সবাজার শহর আমীর আব্দুল্লাহ আল ফারুক, অধ্যাপক খুরশিদ আলম আনসারী প্রমুখ।

মানববন্ধনে ঘোষিত ৫ দফা দাবি:

১. পিআর পদ্ধতি চালু: সকল ভোটের মর্যাদা ও প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে উভয় কক্ষে সংখ্যানুপাতিক নির্বাচন।
২. জুলাই সনদ ও গণভোট: নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি মর্যাদা প্রদান।
৩. লেভেল প্লেয়িং ফিল্ড: প্রশাসন ও ইসির নিরপেক্ষ ভূমিকার মাধ্যমে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা।
৪. দল নিষিদ্ধের দাবি: আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের ফ্যাসিবাদী রাজনীতি নিষিদ্ধ ঘোষণা।
৫. বিচার: জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের হত্যাকারীদের বিচারের দাবিতে ‘We Want Justice’ আন্দোলন জোরদার করা।

বক্তারা বলেন, এসব দাবি আজ সারাদেশের মানুষের হৃদয়ের দাবি হয়ে উঠেছে। তাই সরকারকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দাবি বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

পূর্বের খবরকর্ণফুলীতে চেক প্রতারণা মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত এনসিপি সংগঠক গ্রেপ্তার
পরবর্তি খবরসব অপরাধের প্রাণভোমরা শেখ হাসিনা”— ট্রাইব্যুনালে চরম দণ্ড দাবি চিফ প্রসিকিউটরের