কক্সবাজার প্রতিনিধি:
“নৈতিকতা সম্পন্ন দেশপ্রেমিক তরুণ প্রজন্মের নেতৃত্বে মানবিক বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর।”
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ১২ আগস্ট বিকেলে কক্সবাজার জেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য যুব র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি শহরের হাশেমিয়া আলিয়া মাদ্রাসা গেট থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক হল গেটে এসে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণকারীদের রঙিন টি-শার্ট, জাতীয় পতাকা এবং তারুণ্য উদ্দীপনামূলক গান পুরো শহরে এক উৎসবমুখর পরিবেশ তৈরি করে।
সম্ভাবনাময় তরুণরাই গড়বে নতুন বাংলাদেশ
র্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুব বিভাগের সভাপতি মুহাম্মদ হেদায়াত উল্লাহ এবং সঞ্চালনা করেন সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালির উদ্বোধন করেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। তিনি তাঁর বক্তব্যে বলেন:
”আমাদের প্রিয় মাতৃভূমি অপার সম্ভাবনাময়। দেশে যদি সৎ, যোগ্য ও খোদাভীরু নেতৃত্ব এবং নৈতিকতাসম্পন্ন দেশপ্রেমিক তরুণ প্রজন্ম গড়ে তোলা যায়, তবে বাংলাদেশ বিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে। দুর্নীত, সন্ত্রাস ও মাদকের থাবা থেকে যুব সমাজকে রক্ষা করে দেশের কাজে লাগাতে হবে। জামায়াতে ইসলামী সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “২৪-এর জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যেভাবে ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে, তরুণদের সেই ‘জুলাই আকাঙ্ক্ষার’ বাংলাদেশকে আমরা কোনোভাবেই ব্যর্থ হতে দেবো না। প্রয়োজনে আবারও আন্দোলনের মাধ্যমে তরুণদের নেতৃত্বে একটি মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা হবে।”
উপস্থিত নেতৃবৃন্দ
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন:
- অধ্যাপক খুরশিদ আলম আনসারী (আমীর, কক্সবাজার সদর উপজেলা)
- রিয়াজ মুহাম্মদ শাকিল (সেক্রেটারি, শহর জামায়াত)
- আ ন ম হারুন (সেক্রেটারি, রামু উপজেলা)
- আজিজুর রহমান (সেক্রেটারি, সদর উপজেলা)
- জেলা যুব ও ক্রীড়া কমিটির সদস্যবৃন্দ: কামরুল হাসান, সরওয়ার কামাল সিকদার, জাহিদুল ইসলাম নোমান, অ্যাডভোকেট দিদারুল মোস্তফা, ডা. কায়সার আমীন কায়েস প্রমুখ।








































