২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য: প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ২৩ জুলাই: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরে কাজ করছে। তিনি দেশি-বিদেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের বাংলাদেশে নতুন উদ্যোগ গ্রহণ ও বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান জানান।
বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) আয়োজিত এফডিআই সম্মেলন-২০২৬ উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, নবায়নযোগ্য জ্বালানি, ওষুধ শিল্প, ইলেকট্রনিক্স, ডিজিটাল সেবা, কৃষি-প্রক্রিয়াজাতকরণ, উন্নত বস্ত্রশিল্প, স্বাস্থ্যসেবা ও লজিস্টিকস খাতে বিশেষ প্রণোদনা দেওয়া হয়েছে। বাংলাদেশকে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং মানবসম্পদ উন্নয়নে সরকার অগ্রাধিকার দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, বিনিয়োগকারীদের জন্য আইনি সুরক্ষা, আধুনিক ও ব্যবসাবান্ধব নীতিমালা, সহজ কর ও ভ্যাট ব্যবস্থা, মুনাফা দেশে ফেরত নেওয়ার নির্বিঘ্ন সুযোগ, শক্তিশালী পুঁজিবাজার এবং উন্নত অবকাঠামো গড়ে তুলতে সরকার কাজ করছে। একই সঙ্গে লালফিতার দৌরাত্ম্য কমিয়ে সরকারি সেবার ডিজিটালাইজেশন ও প্রশাসনিক প্রক্রিয়া সহজ করা হচ্ছে।
তারেক রহমান বলেন, দ্রুত বিকাশমান অভ্যন্তরীণ বাজার, তরুণ জনশক্তি, কৌশলগত ভৌগোলিক অবস্থান এবং জনগণের সমর্থন বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। এসব সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি টেকসই, ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।
তিনি বিনিয়োগকারীদের উদ্দেশে বলেন, বাংলাদেশে বিনিয়োগ মানে শুধু ব্যবসার সুযোগ নয়, বরং দেশের অর্থনৈতিক রূপান্তরের অংশীদার হওয়ার সুযোগ। নতুন কর্মসংস্থান সৃষ্টি ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

পূর্বের খবরকক্সবাজারের বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি: আশ্রয়কেন্দ্র ছেড়ে ঘরে ফিরছেন মানুষ, প্রধান নদীগুলোর পানি বিপৎসীমার নিচে