হোয়ানকে গৃহবধূ হত্যার ঘটনায় খুনিকে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

সরওয়ার কামাল মহেশখালী ৯ই সেপ্টেম্বর
মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া হিন্দুপাড়ায় অজ্ঞাত ব্যক্তির ছুরিকাঘাতে গৃহবধূ নিহতের ঘটনায় জড়িত খুনিকে দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া হিন্দুপাড়ায় কালাগাজির পাড়া বাজারের ব্যবসায়ী রবি শীলের বাড়িতে এক অজ্ঞাত ব্যক্তি প্রবেশ করে তাঁর স্ত্রী শিল্পী রানী সুশীলকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে চকরিয়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ মর্মান্তিক হত্যাকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছাড়াও রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন নিরীহ নারীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় এলাকাবাসী গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও নৃশংস ঘটনা প্রতিরোধে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।
পূর্বের খবরমহেশখালী হোয়ানকে ছুরিকাঘাতে গৃহবধূ নিহত
পরবর্তি খবরমহেশখালীতে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত