কুতুবদিয়ায় তৃণমূল প্রতিনিধি সমাবেশে ড. হামিদ আযাদ
প্রেসবিজ্ঞপ্তি | ২৪ সেপ্টেম্বর ২০২৫ ইং
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুতুবদিয়া-মহেশখালী আসনের সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, স্বাধীনতার পর থেকে সৎ ও দক্ষ নেতৃত্বের অভাবে দেশ আজও দুর্নীতিতে জর্জরিত। জনগণ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তিনি বলেন, আগামীতে যদি জনগণের রায়ে সৎ নেতৃত্ব বিজয়ী হয়, তবে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে উঠবে।
গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরুং ও দক্ষিণ ধূরুং ইউনিয়ন জামায়াত আয়োজিত তৃণমূল প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শামসুল আলম বাহাদুর, উপজেলা জামায়াতের আমীর ও সাবেক চেয়ারম্যান আ.স.ম. শাহরিয়ার চৌধুরী, উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল আমিন, উত্তর ধূরুং ইউনিয়নের সভাপতি ছৈয়দ আলম ও সেক্রেটারি মেম্বার ইলিয়াস, দক্ষিণ ধূরুং ইউনিয়নের সভাপতি মাওলানা বেলাল এবং সেক্রেটারি মাওলানা মিজানুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ড. হামিদ আযাদ বলেন, দেশের মানুষ অবাধ, সুষ্ঠু ও জুলাই সনদের ভিত্তিক নির্বাচন চায়। তারা চায় নির্বাচনের মাধ্যমে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে, যা দেশকে অগ্রগতির পথে নিয়ে যাবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণ ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থীদের বিজয়ী করবে এবং সংসদে পাঠাবে ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, “দেশের মানুষের মুখে এখন একটাই আওয়াজ—সব দল দেখা শেষ, এবার জামায়াতে ইসলামী। বারবার সবাইকে দেখেছি, এবার জামায়াতে ইসলামীকে সুযোগ দিতে চায় জনগণ।” তিনি উল্লেখ করেন, ভবিষ্যতে আর দিনের ভোট রাতে বা মৃতদের নামে ভোট দিয়ে সরকার গঠন করা যাবে না। জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে নারীদের ও অমুসলিমদের অধিকার সুরক্ষিত করা হবে, ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে এবং বৈষম্যহীন সমাজ গড়ে উঠবে।
তৃণমূল প্রতিনিধিদের উদ্দেশে তিনি আহ্বান জানান, ঘরে ঘরে গিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার জন্য জনগণকে উদ্বুদ্ধ করতে এবং তাঁর সালাম পৌঁছে দিতে।










































