রাজাপালং ইউনিয়ন বিভাজন জনস্বার্থভিত্তিক ও নিরপেক্ষ হতে হবে: জেলা আমীর আনোয়ারী

কক্সবাজার, ২৪ জুলাই ২০২৬:
বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, রাজাপালং ইউনিয়নকে বিভক্ত করে দুটি ইউনিয়নে রূপান্তরের উদ্যোগ জনস্বার্থে একটি ইতিবাচক পদক্ষেপ। তবে এ প্রক্রিয়ায় কোনো গোষ্ঠী, পরিবার বা রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা না দিয়ে সম্পূর্ণ নিরপেক্ষতা ও জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
শুক্রবার (২৪ জুলাই) রাজাপালং ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউনিয়ন আমীর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম।
জেলা আমীর আরও বলেন, জামায়াতে ইসলামী নীতি-নৈতিকতার প্রশ্নে আপসহীন। জনগণের সংগঠন হিসেবে ভুলত্রুটি হতে পারে, তবে তা যেন সংগঠনের আদর্শ ও ঐতিহ্যের পরিপন্থী না হয়। জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান তিনি।
সমাবেশে আরও বক্তব্য রাখেন উখিয়া উপজেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ নূরুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, বায়তুল মাল সেক্রেটারি মাওলানা মনছুর আলম এবং ইউনিয়ন সেক্রেটারি জহির আহমদ।

পূর্বের খবররামুতে গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু