সরওয়ার কামাল মহেশখালী ১২ অক্টোবর
মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ই অক্টোবর দুপুরে মহেশখালী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে মহেশখালী উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সহকারী কর্মকর্তা শারমিন আক্তার বিউটির পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ দিদার আলম, মহেশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈকত বড়ুয়া, মহেশখালী উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক কায়সার হামিদ মনির, মহেশখালী উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাকিল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবাল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, এই দিনটি কেবল উদযাপনের নয়, বরং কন্যা শিশুদের অধিকার সুরক্ষা এবং তাদের পূর্ণ সম্ভাবনা বিকাশে আমাদের করণীয় নতুন করে নির্ধারণ করার দিন। আজকের কন্যা শিশুই আগামীর উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের ভবিষ্যৎ। একটি কন্যা শিশুকে শিক্ষিত করা মানে একটি পুরো পরিবার ও সমাজকে শিক্ষিত করা। আমাদের নিশ্চিত করতে হবে যেন কোনো শিশুই ঝরে না পড়ে। সমাজে বাল্যবিয়ে, নারী নির্যাতন এবং বৈষম্যের মতো অভিশাপ এখনো পুরোপুরি দূর হয়নি। কন্যা শিশুর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজ হিসেবে আমাদের অন্যতম প্রধান নৈতিক দায়িত্ব। বাল্যবিয়ে রোধে আমাদের কঠোর হতে হবে এবং সচেতনতা বাড়াতে হবে। পরে শিশু কন্যা দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।












































