অনলাইন ডেস্ক
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো আধিপত্যের নয়, বরং সমতা, সমমর্যাদা ও বন্ধুত্বের ভিত্তিতে হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে মহানগরী জামায়াতে ইসলামীর সদস্য (রোকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “প্রধানমন্ত্রী সারা বিশ্ব বা পার্শ্ববর্তী দেশ ভারত সফর করতেই পারেন। তবে সেই সফর হতে হবে সমতা, সমমর্যাদা ও পারস্পরিক বন্ধুত্বের ভিত্তিতে। বাংলাদেশের মানুষ আর কোনো দেশের আধিপত্যবাদ মেনে নেবে না।”
দেশে চাঁদাবাজি, দুর্নীতি ও ঘুষ-বাণিজ্য বন্ধে সরকারের কঠোর পদক্ষেপের তাগিদ দিয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান একাধারে সরকারপ্রধান ও দলীয় প্রধান। তিনি চাইলে দেশে চলমান চাঁদাবাজি, দুর্নীতি ও ঘুষ-বাণিজ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে এগুলো বন্ধ করতে পারেন। কিন্তু তিনি তা চাচ্ছেন কি না, সেটিই মূল বিষয়।”
আসন্ন স্থানীয় নির্বাচন প্রসঙ্গে জামায়াতের নেতাকর্মীদের জনমানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, “জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। কেউ যেন ভোট ছিনিয়ে নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সোচ্চার থাকতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘদিনের দাওয়াত ও আদর্শিক কাজের মাধ্যমে জামায়াতে ইসলামী মানুষের কাছে একটি বিশ্বস্ত সংস্থা হিসেবে আস্থা অর্জন করেছে।
রাজশাহী মহানগর জামায়াতের আমির ড. মাওলানা কেরামত আলী এমপির সভাপতিত্বে এবং সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি। অনুষ্ঠানে রাজশাহী মহানগরীর সহস্রাধিক রোকন সদস্যসহ স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া বিকেলে একই স্থানে রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর রোকন সম্মেলনেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. শফিকুর রহমান।








































