ডিজিটাল ফাঁদে মানবপাচার রুখতে ‘জিরো টলারেন্স’ নীতি, নতুন আইনের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

 

নিজস্ব প্রতিবেদক | মহেশখালী নিউজ

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর প্রতারণামূলক অপরাধ দমনে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পরিচালিত আন্তর্জাতিক মানবপাচার ও অনলাইন স্ক্যাম চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর একটি হোটেলে ‘বিশ্ব মানবপাচার বিরোধী দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত ‘Trapped Behind the Scam: Ending Human Trafficking for Forced Criminality’ শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানবপাচার চক্র এখন সামাজিক যোগাযোগমাধ্যম, ভুয়া চাকরির বিজ্ঞাপন ও অনলাইন নিয়োগ প্ল্যাটফর্মের মাধ্যমে তরুণ-তরুণীদের বিদেশে নিয়ে গিয়ে সাইবার স্ক্যাম সেন্টারে জোরপূর্বক অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত করছে। এ ধরনের অপরাধ মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রযুক্তি প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারি খাত ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

তিনি জানান, সরকার ‘মানবপাচার ও অভিবাসী চোরাচালান (প্রতিরোধ ও দমন) আইন, ২০২৬’ প্রণয়ন করেছে। নতুন আইনে অনলাইন স্ক্যাম, প্রযুক্তিনির্ভর প্রতারণা এবং জোরপূর্বক অপরাধে বাধ্য করার মতো আধুনিক অপরাধকে কঠোর শাস্তির আওতায় আনা হয়েছে। পাশাপাশি জাতীয় কর্মপরিকল্পনা (২০২৬–২০৩০) চূড়ান্ত করার কাজ চলছে এবং ভুক্তভোগীদের দ্রুত উদ্ধার, আইনি সহায়তা ও পুনর্বাসনের জন্য ন্যাশনাল রেফারেল মেকানিজম (এনআরএম) আরও শক্তিশালী করা হচ্ছে।

অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ইউরোপীয় ইউনিয়ন, আইওএম, ইউএনওডিসি, কোস্ট গার্ড, বিজিবিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, উন্নয়ন সহযোগী এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

পূর্বের খবরজুলাইযোদ্ধাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে আল্লাহও ক্ষমা করবেন না: ডা. শফিকুর রহমান
পরবর্তি খবরযুক্তির শাণিত লড়াইয়ে বাজিমাৎ বায়তুশ শরফের, কক্সবাজার টেকনিক্যালকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট