ঠাকুরতলা চৌরাস্তার মোড়ে সিএনজিতে মিলল ৮ আগ্নেয়াস্ত্র, আটক ২

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোটমহেশখালীর ঠাকুরতলা চৌরাস্তার মোড়ে পুলিশের চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৮টি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র বহনের সঙ্গে জড়িত অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে মহেশখালী থানার মাঠে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট) মো. অহিদুর রহমান পিপিএম এসব তথ্য জানান।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সুলতান ও ওসি (তদন্ত) প্রতুল কুমার শীলের নেতৃত্বে শুক্রবার (২৯ আগস্ট) রাত ৯টার দিকে ছোটমহেশখালীর ঠাকুরতলা চৌরাস্তার মোড়ে চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে একটি ট্রাভেল ব্যাগের ভেতর থেকে ৮টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। একই সঙ্গে অস্ত্র বহনের সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুর হরিনখাইন দীঘির পাড় এলাকার মোতাহের হোসেনের ছেলে মো. রুবেল মিয়া এবং মহেশখালী উপজেলার ছোটমহেশখালীর ঠাকুরতলা এলাকার মৃত মনিন্দ্র দে’র ছেলে মানিক দে।
উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে দুটি দেশীয় তৈরি রাইফেল, পাঁচটি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং একটি এলজি। সব মিলিয়ে মোট ৮টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
মহেশখালী থানার ওসি মো. আব্দুস সুলতান বলেন, গত ২১ আগস্ট উপজেলার শাপলাপুরের মিঠাছড়ি এলাকায় গহীন পাহাড়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও সরঞ্জামাদিসহ একজনকে আটক করা হয়। এরপর জেলা পুলিশ সুপারের নির্দেশে মহেশখালীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্ত্র উদ্ধারে পুলিশের তৎপরতা বাড়ানো হয়।
তিনি বলেন, এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে ঠাকুরতলা চৌরাস্তার মোড়ে চেকপোস্ট পরিচালনা করে ৮টি অস্ত্রসহ দুইজনকে আটক করা সম্ভব হয়েছে। অস্ত্র উদ্ধারের পাশাপাশি এর সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক করতে পুলিশ দীর্ঘদিন ধরে বিভিন্ন পয়েন্টে কাজ করে আসছিল।
ওসি আরও বলেন, পুলিশের তৎপরতা টের পেয়ে অপরাধীরা বিভিন্ন সময় স্থান পরিবর্তন করে আত্মগোপনে চলে যাচ্ছিল। দীর্ঘদিন ধরে পুলিশের সঙ্গে তাদের এক ধরনের ‘চোর-পুলিশ’ খেলা চলছিল। শেষ পর্যন্ত অস্ত্রসহ তাদের আটক করা সম্ভব হয়েছে।
মহেশখালীতে অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে ওসি আব্দুস সুলতান বলেন, অপরাধ ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি অস্ত্রসহ অপরাধীদের বিষয়ে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে সচেতন মহলের প্রতি আহ্বান জানান তিনি।

পূর্বের খবরছিনতাইকারীর হ্যাঁচকা টানে প্রাণ গেল স্কুলশিক্ষিকার
পরবর্তি খবরমক্কা প্রতিরক্ষা চুক্তি: যোগদানে ঝুঁকি দেখছে না ঢাকা, ইতিবাচক মনোভাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর