কক্সবাজার প্রতিনিধি:
দেশে চলমান গ্যাস সংকট, মাত্রাতিরিক্ত লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বেড়ে যাওয়ার প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে কক্সবাজার জেলা ‘১১ দলীয় ঐক্য’।
বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) দুপুর ২টায় জোটের নেতারা কক্সবাজার জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শাহিদুল আলম।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা স্মারকলিপিটি পাঠ করেন জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম। এরপর তা অতিরিক্ত জেলা প্রশাসকের হাতে তুলে দেওয়া হয়।
স্মারকলিপিতে উত্থাপিত জনদুর্ভোগের চিত্র:
স্মারকলিপিতে নেতারা উল্লেখ করেন, বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে শিল্প-কারখানা, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা খাতসহ জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত। এর ওপর বিদ্যুতের দফায় দফায় মূল্যবৃদ্ধি এবং অস্বাভাবিক ভূতুড়ে বিল সাধারণ মানুষের ওপর মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে চাল, ডাল, তেল, চিনি ও পেঁয়াজসহ নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেটের কারণে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো চরম অর্থনৈতিক সংকটে দিন কাটাচ্ছে।
জনদুর্ভোগ নিরসনে ১১ দলের ৬ দফা দাবি:
১. গ্যাস সংকট দূর করতে জরুরি ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
২. ভয়াবহ লোডশেডিং বন্ধ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।
৩. বিদ্যুতের বাড়তি দাম পুনর্বিবেচনা করে তা সাধারণ মানুষের সহনশীল পর্যায়ে আনতে হবে।
৪. ভূতুড়ে ও অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায় এবং গ্রাহক হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে।
৫. বাজার সিন্ডিকেট, মজুতদারি ও কালোবাজারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে হবে।
৬. সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
উপস্থিত নেতৃবৃন্দ:
স্মারকলিপি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন— জেলা এনসিপি’র আহ্বায়ক অধ্যাপক আখতার আলম, জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা সাধারণ সম্পাদক মাওলানা জে এইচ এম ইউনুছ, এবি পার্টির কেন্দ্রীয় শরণার্থী বিষয়ক সম্পাদক শামসুল হক শারেক, এনসিপি জেলা সদস্য সচিব মোহাম্মদ ওমর ফারুক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা দেলাওয়ার হোছাইন।
আরও উপস্থিত ছিলেন— কক্সবাজার শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আখতার উদ্দিন হেলালী, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, খেলাফত মজলিস জেলা নির্বাহী সদস্য মাওলানা মুহাম্মদ শফিক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ মুহসিন, শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল, সদর জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান ও শহর জামায়াতের সহকারী সেক্রেটারি দরবেশ আলী মুহাম্মদ আরমান।
এছাড়া এনসিসি ও জাতীয় ছাত্রশক্তির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন— রাইয়ান কাশেম, খালিদ বিন সাঈদ, শফিকুল ইসলাম শফিক, আতাহার সাকিফ ও আশফিক রহমান।
নেতৃবৃন্দ দেশের সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে এই দাবিগুলো দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সরাসরি ও জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।









































