এই মাসের আইয়ামে বীজের রোজা কখন কীভাবে রাখবেন?
.
আগামীকাল রাতে সাহরি খেয়ে শুরু হবে এই মাসের আইয়ামে বীযের রোজা। অর্থাৎ, ১৬, ১৭ ও ১৮ই নভেম্বর (শনি, রবি ও সোমবার) এই ৩ দিন নফল রোজা রাখতে হবে।
.
❖ আইয়ামে বীযের পরিচয়:
.
আইয়ামে বীয অর্থ হলো, উজ্জ্বল ও শুভ্র দিনসমূহ। প্রত্যেক আরবি চন্দ্রমাসের ১৩, ১৪ ও ১৫ তারিখের জোছনাময় রাতগুলো বেশ আলোকোজ্জ্বল দেখায়। এজন্য এই দিনগুলোর নামকরণ করা হয়েছে ‘আইয়ামে বীয’।
.
❖ আইয়ামে বীযের রোজার গুরুত্ব:
.
আবু হুরায়রা (রা.) বলেন, আমার প্রিয় বন্ধু (নবিজি) আমাকে তিনটি কাজের অসিয়ত করেছেন। সেগুলো হলো: প্রতি মাসে ৩টি রোজা রাখা, দোহার (চাশতের) ২ রাকাত (নফল নামাজ) আদায় করা এবং ঘুমানোর আগে বিতর (নামাজ) পড়া। [ইমাম বুখারি, আস-সহিহ: ১৯৮১]
.
(উল্লেখ্য, যারা শেষ রাতে তাহাজ্জুদ আদায় করেন, তাদের জন্য উত্তম হলো, তাহাজ্জুদের পর বিতর আদায় করা। তবে, এটি জরুরি নয়। শেষ রাতে ওঠতে না পারার আশঙ্কা থাকলে অবশ্যই ঘুমানোর আগে আদায় করে নিতে হবে।)
.
❖ আইয়ামে বীযের রোজার ফজিলত:
.
রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যে ব্যক্তি প্রতি মাসে ৩টি রোজা রাখে, সে যেন সারা বছর রোজা রাখে।” [ইমাম তিরমিযি, আস-সুনান: ৭৬২; হাদিসটি সহিহ]
.
তবে, প্রতি মাসের ৩ দিন আইয়ামে বীযের রোজা রাখা জরুরি নয়, বরং এটি নফল আমল।
.
❖ আইয়ামে বীয কোন্ দিনগুলো?
.
আবু যার (রা.)-কে নবিজি বলেছিলেন, ‘‘হে আবু যার! তুমি যদি প্রতি মাসে তিন দিন রোজা রাখতে চাও, তবে ১৩, ১৪ ও ১৫ তারিখে রাখ।’’ [ইমাম তিরমিযি, আস-সুনান: ৭৬১; হাদিসটি হাসান সহিহ]










































