উম্মাহর ঐক্য বিনষ্টকারী বক্তব্য অনভিপ্রেত: মাওলানা আবদুল হালিম

কক্সবাজার প্রতিনিধি: উম্মাহর ঐক্য ও আলেম-উলামাদের পারস্পরিক সম্প্রীতি ক্ষুণ্ন করে—এমন বক্তব্য অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

শুক্রবার (১০ অক্টোবর) কক্সবাজার জেলা জামায়াতের উদ্যোগে ইউনিয়ন আমির-সভাপতি ও সেক্রেটারি, রুকন এবং অগ্রসর কর্মীদের নিয়ে আয়োজিত পৃথক তিনটি শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা আবদুল হালিম বলেন, মতপার্থক্য থাকলেও পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও যুক্তিনির্ভর আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান সম্ভব। বিভাজনমূলক বক্তব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করতে পারে। তিনি ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় দাওয়াত, সংগঠন, প্রশিক্ষণ ও জনকল্যাণমূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সুন্নাতে রাসূলের আলোকে জীবন গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পরিবার, সমাজ, ব্যবসা-বাণিজ্য ও রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করতে হবে। পাশাপাশি রুকনদের ইলম, আমল ও ত্যাগের মাধ্যমে সাংগঠনিক শপথের দাবি পূরণের আহ্বান জানান তিনি।

শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মোহাম্মদ শাহজাহান বলেন, চারিত্রিক দৃঢ়তা ও নৈতিকতা ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান শক্তি। অন্যদিকে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমীর নজরুল ইসলাম আত্মশুদ্ধি, ইখলাস ও নৈতিক আদর্শের ভিত্তিতে জীবন পরিচালনার ওপর গুরুত্ব দেন।

কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন। এতে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীরাও অংশ নেন।

পূর্বের খবরমহেশখালী থানার উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত