বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারে বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে এবং স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের সহযোগিতায় আগামী ২২ নভেম্বর ২০২৬ থেকে ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত তিন মাসব্যাপী ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল’ অনুষ্ঠিত হবে।
লক্ষ্য করা যাচ্ছে যে, কক্সবাজারের হোটেল শৈবাল প্রাঙ্গণ ও তৎসংলগ্ন প্রায় ৩৫ একর জায়গাজুড়ে আয়োজিত এই বৃহৎ ও জনকল্যাণমূলক উৎসবকে বাধাগ্রস্ত করতে একটি স্বার্থান্বেষী মহল এবং কতিপয় ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ঝাউগাছ কেটে কার্নিভালের অবকাঠামো নির্মাণ করা হচ্ছে’ মর্মে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। এটি একটি উদ্দেশ্যমূলক অপপ্রচার ও গুজব। সর্বসাধারণ ও গণমাধ্যমের সামনে বিষয়টির প্রকৃত সত্য তুলে ধরা হলো।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ এহসানুল কবীর এর দেয়া তথ্যমতে, কার্নিভালের ১৫ থেকে ১৬টি বিশেষ জোন সাজানোর ক্ষেত্রে পরিবেশ ও প্রকৃতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। হোটেল শৈবালের নিজস্ব কম্পাউন্ড ও বরাদ্দকৃত এলাকার কোনো ঝাউগাছ কাটা হয়নি বা বনাঞ্চলের কোনো ক্ষতি করা হয়নি। কতিপয় অসাধু ও স্বার্থান্বেষী মহল গাছের ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) মাধ্যমে বিকৃত করে উপস্থাপন করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্নিভাল নিয়ে অপপ্রচারে লিপ্ত রয়েছে।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী তারিকুর রহমান জানান, তিনি হোটেল শৈবাল প্রাঙ্গণ সরেজমিনে পরিদর্শনে করেন এবং সেখানে পর্যটন কার্নিভাল উপলক্ষ্যে গাছ কাটার কোন প্রমাণ পায়নি। তবে আশেপাশের সবার সাথে কথা বলে জানা যায়, কিছুদিন আগে সিভিল এভিয়েশন তাদের বিমান চলাচল নির্বিঘ্ন করার জন্য কিছু গাছের মাথা কর্তন করে ও সেগুলো সংগ্রহ করে একটা জায়গায় জমা করে রাখে। মূলত এই জমা করা গাছগুলোর ছবি তুলেই পর্যটন কার্নিভালের নামে ছড়ানো হচ্ছে”।
কক্সবাজার বিমানবন্দরের এরোড্রাম কর্মকর্তা (এটিএম) মোহাম্মদ নাছিমূল গনি জানান, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে ৩৫ (দক্ষিণপ্রান্তে) এর উড্ডয়ন/অবতরণ পথে (এপ্রোচ ফানেল) বিদ্যমান ঝাউগাছের উচ্চতা নির্ধারিত উচ্চতার অধিক হওয়ায় সামরিক এবং বেসামরিক উভয় বিমানের পাইলটগণ Standard Glide Path (Glide Slope-3°) অনুসরণ করে Rate of Descend বজায় রেখে অবতরণ করার ক্ষেত্রে জটিলতার সম্মুখীন হচ্ছিল; যা বিমানের নিরাপদ উড্ডয়ন এবং অবতরণের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এমতাবস্থায় নিরাপদ বিমান উড্ডয়ণ/অবতরণের স্বাথে প্রতি বছরের ন্যায় কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সাথে সমন্বয় পূর্বক এপ্রোচ ফানেলে বিদ্যমান ঝাউগাছের উঁচু ডাল পালা ছাঁটাই (Trimming) করা হয়েছে। বিশেষভাবে উল্লেখ্য যে কোন গাছ গোড়া থেকে কর্তন করা হয়নি, শুধুমাত্র উঁচু ডালপালা ছাঁটাই (Trimming) করা হয়েছে।
বাংলাদেশ পর্যটন করপোরেশন, কক্সবাজার দক্ষিণ বন বিভাগ ও কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষ যৌথভাবে সকল গণমাধ্যমকর্মী, পরিবেশবাদী সংগঠন ও সচেতন নাগরিকদেরকে এ বিষয়ে কোনো প্রকার অপপ্রচার ও গুজবে বিভ্রান্ত না হয়ে সচেতন থাকার অনুরোধ জানিয়েছেন।












































