“আদর্শ শিক্ষক, সৎ মানুষ ও নিবেদিতপ্রাণ সংগঠক ছিলেন মাস্টার নজরুল ইসলাম”

প্রেস বিজ্ঞপ্তি, ১৮ নভেম্বর ২০২৬

 

মহেশখালীতে স্মরণসভা ও দোয়া মাহফিলে ড. হামিদ আযাদ

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, মরহুম মাস্টার নজরুল ইসলাম ছিলেন একজন আদর্শ শিক্ষক, সৎ ও চরিত্রবান মানুষ, নিবেদিতপ্রাণ সংগঠক এবং সমাজসেবক। ইসলাম ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে তিনি নিজেকে নিবেদিত রেখেছিলেন। তাঁর কর্মময় জীবন, সততা, ত্যাগ ও সাংগঠনিক অবদান আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশখালী উপজেলা উত্তরের সাবেক  আমীর মরহুম মাস্টার নজরুল ইসলামের স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়, কিন্তু তার ভালো কাজ, আদর্শ ও অবদান মানুষের হৃদয়ে বেঁচে থাকে। মরহুম মাস্টার নজরুল ইসলামের জীবন থেকে শিক্ষা নিয়ে তাঁর রেখে যাওয়া কল্যাণকর কাজগুলো এগিয়ে নিতে হবে। পদ-পদবি কিংবা সম্পদ নয়, আল্লাহর কাছে মানুষের প্রকৃত মর্যাদা নির্ধারিত হবে ঈমান, আমল ও কর্মের মাধ্যমে।

 

তিনি আরও বলেন, একজন দায়িত্বশীলের বিদায়ে সাংগঠনিক কার্যক্রম থেমে থাকতে পারে না। তাঁর শূন্যতা পূরণে দায়িত্বশীলদের আরও নিষ্ঠা, আন্তরিকতা ও ঐক্যের সঙ্গে কাজ করতে হবে। মরহুমের জন্য দোয়া করা, তাঁর পরিবারের পাশে দাঁড়ানো এবং তাঁর আদর্শ ও ভালো কাজগুলো অব্যাহত রাখা আমাদের নৈতিক দায়িত্ব।

 

মহেশখালীর মানুষের কল্যাণে এবং একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

 

বক্তব্যের শেষে তিনি মরহুমের রুহের মাগফিরাত, কবরের শান্তি ও জান্নাতুল ফেরদাউস কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

স্হানীয় জামায়াত নেতা মাস্টার ছিদ্দিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক আবু তাহের চৌধুরী, মহেশখালী উপজেলা আমীর কামরুল হাসান, প্রিন্সিপাল ইদ্রিস ফারুকী মৌলানা বশির আহমেদ মৌলানা মাহবুবুর রহমান। মরহুমের ছেলে ডাঃ নাইমুল ইসলাম, মরহুমের বড় ভাই ব্যাংকার নুর হোসাইন , মৌ ওসমান গনি, আবু হেনা মোস্তফা কামাল, আবদু সাত্তার, প্রফেসর মনজুর আলম, রায়হান খন্দকার, ডাঃ নুরুল ইসলাম প্রমূখ।

পূর্বের খবর‘কক্সবাজার জেলা জামায়াতের আমীর হিসেবে শপথ গ্রহণ করেছেন অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী’