বিটিআরসির আইন উপদেষ্টা হলেন মহেশখালীর কৃতী সন্তান ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন

সরওয়ার কামাল, মহেশখালী |
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর আইন উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন কক্সবাজারের মহেশখালীর কৃতী সন্তান ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন চৌধুরী। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি নিয়ন্ত্রক সংস্থায় তাঁর এই মনোনয়নকে মহেশখালীবাসী গর্ব ও সম্মানের অর্জন হিসেবে দেখছেন।
জানা গেছে, ৩০ জুলাই বিটিআরসির ডেপুটি ডাইরেক্টর মাহবুবুর রহমান স্বাক্ষরিত নিয়োগপত্রের মাধ্যমে ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন চৌধুরীকে আইন উপদেষ্টা হিসেবে মনোনয়ন দেওয়া হয়।
বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিটিআরসি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমন একটি প্রতিষ্ঠানের আইন উপদেষ্টা হিসেবে মহেশখালীর একজন কৃতী সন্তানের দায়িত্বপ্রাপ্ত হওয়ার খবরে এলাকাজুড়ে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
মহেশখালীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, তিনি তাঁর অভিজ্ঞতা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে নতুন দায়িত্ব সফলভাবে পালন করবেন এবং প্রতিষ্ঠানটির কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
স্থানীয়দের মতে, এটি শুধু ব্যারিস্টার মামুনের ব্যক্তিগত সাফল্য নয়; বরং মহেশখালীর জন্যও একটি গৌরবের অর্জন। রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে তাঁর নিয়োগ তাঁর পেশাগত দক্ষতা, যোগ্যতা ও সুনামের স্বীকৃতি।
নতুন দায়িত্ব প্রসঙ্গে ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, “বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের মতো একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। আমি আমার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। এই দায়িত্ব পালনে মহেশখালীবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করছি। সবার দোয়া ও ভালোবাসা আমার পথচলার অনুপ্রেরণা হয়ে থাকবে।”

পূর্বের খবরগণমিছিল সফল করতে ৪নং ওয়ার্ডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রস্তুতি সভা
পরবর্তি খবরকওমি শিক্ষার্থীদের জামায়াতে যোগদান নিয়ে উদ্বেগ