সরওয়ার কামাল | মহেশখালী | ২৯ জুলাই
মহেশখালীর বড় মহেশখালী আনোয়ার পাশা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মান উন্নয়নে করণীয় বিষয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আমির ফয়সাল জহির। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ মহসিন আনোয়ার চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. হুমায়ুন কবির আজাদ, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ আনোয়ার পাশা চৌধুরীর দৌহিত্র ডা. তাইফুল হাসান মিশুক এবং প্রকৌশলী জাহিদ হাসান তুহিন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য শিক্ষকের পাশাপাশি অভিভাবকের দায়িত্ব ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে শিক্ষা গ্রহণের সুযোগ-সুবিধা আগের তুলনায় অনেক বেড়েছে। এসব সুযোগ কাজে লাগিয়ে শিক্ষার্থীদের আরও মনোযোগী ও দায়িত্বশীল হয়ে নিজেদের মেধার সর্বোচ্চ বিকাশ ঘটাতে হবে।
সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।











































