রামুতে গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

​আবু তৈয়ব। কক্সবাজার প্রতিনিধি:

​কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে ছড়ার পাশের একটি গর্তে পড়ে মোহাম্মদ মুসা নামে চার বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​শুক্রবার (২৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে ইউনিয়নের তুলাবাগান ২ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুসা ওই এলাকার ওসমান গণি ও শাহনা আক্তার দম্পতির ছেলে।

​পরিবার সূত্রে জানা যায়, দুপুরে শিশুটির মা নামাজ পড়ছিলেন। এ সময় সবার অজান্তে মুসা খেলতে খেলতে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে তাকে দেখতে না পেয়ে স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ি থেকে প্রায় ৪০০ মিটার দূরে ছড়ার পাশের একটি গর্তে তাকে পড়ে থাকতে দেখা যায়।

​স্থানীদের সহায়তায় মুসাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​এলাকাবাসীর মতে, দুর্ঘটনাস্থলটিতে শিশুরা নিয়মিত খেলাধুলা করে। ছড়ার পাশের গর্তটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে দ্রুত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

​এ মর্মান্তিক দুর্ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পূর্বের খবর২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য: প্রধানমন্ত্রী তারেক রহমান