মহেশখালীতে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল ও পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট বিতরণে এমপি আলমগীর ফরিদ

সরওয়ার কামাল মহেশখালী-১২ জুলাই
টানা অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মহেশখালী উপজেলার হোয়ানক, কালারমারছড়া ও মাতারবাড়ী ইউনিয়নের দুস্থ ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল ও পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। ১২ জুলাই সকালে
মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ নিজ হাতে এসব চাল ও পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে দেন। এ সময় তিনি বলেন, “বন্যা ও অতিবৃষ্টিতে জনদুর্ভোগ লাঘব করতে সরকার সব সময় প্রস্তুত। আজকের এই চাল ও পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট বিতরণ তারই ধারাবাহিক অংশ। আরও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।”
চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম, মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন  কর্মকর্তা সৌভ্রাত দাশ,  মহেশখালী উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী সুদর্শন কান্তি দে, মহেশখালী উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল গাফফার, মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিছবাহ উদ্দিন মজীদি, মহেশখালী উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাকিল সহ সংশ্লিষ্ট  কর্মকর্তা, সরকারি দপ্তরের প্রধান এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দগন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম জানান, দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন ইতোমধ্যে জরিপ সম্পন্ন করেছে এবং ক্ষতিগ্রস্তদের তালিকা করে নিয়মিত সহায়তা দেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আরও টেকসই পুনর্বাসন কার্যক্রমের দাবি জানান। প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহের টানা বর্ষণে হোয়ানক ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হলে শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়।


পূর্বের খবরজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যনির্বাহী সভায় জেলা আমীর আনোয়ারী