নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতৃবৃন্দের সাথে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় ডাকসু ভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় রাষ্ট্রদূত মাইকেল মিলার ও তাঁর প্রতিনিধিদলকে ফুলেল শুভেচ্ছা জানান ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ এবং অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় ডাকসুর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দিন খান, আন্তর্জাতিক সম্পাদক জসীমউদ্দিন খান, কমনরুম রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, আইন ও মানবাধিকার সম্পাদক মোঃ জাকারিয়া, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক মাজহারুল ইসলাম, বিজ্ঞান সম্পাদক ইকবাল হায়দার, সমাজকল্যাণ সম্পাদক এবি জুবায়ের, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বি, কার্যনির্বাহী সদস্য আফসানা আক্তার, উম্মে উসওয়াতুন রাফিয়া, আনাস ইবনে মুনির, রায়হান উদ্দীন ও হেমা চাকমা।
অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলে রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে ছিলেন ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) সেবাস্তিয়ান রিগার ব্রাউন এবং প্রেস উপদেষ্টা তৌহিদ ফিরোজ।
মতবিনিময়কালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা ও আন্তর্জাতিক মানের শিক্ষা উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় ডাকসু ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ উদ্যোগে বাস্তবায়নের লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচির প্রস্তাব উত্থাপন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য —
ইউরোপীয় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিনিময় কর্মসূচি (Exchange Program) চালু করা।
গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন।
যৌথ গবেষণা সহযোগিতা কর্মসূচি প্রতিষ্ঠা এবং বিজ্ঞান ও সমাজভিত্তিক ‘ঢাবি-ইইউ উদ্ভাবন সম্মেলন (Innovation Summit)’ আয়োজন।
উভয় পক্ষই এই ধরনের সহযোগিতার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের আশা প্রকাশ করেন।
আলোচনার একপর্যায়ে জুলাই বিপ্লব পরবর্তী রাজনীতিতে তরুণদের ভূমিকা, জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার বিচার এবং আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় হয়।
মতবিনিময় শেষে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার ও তাঁর প্রতিনিধিদল ডাকসু ভবনে নবনির্মিত ‘জুলাই স্মৃতি জাদুঘর’ পরিদর্শন করেন।











































