কক্সবাজার প্রতিনিধি | ২৪ অক্টোবর ২০২৫
হলদিয়া পালং ইউনিয়নে আয়োজিত নির্বাচনী সমাবেশে কক্সবাজার জেলা জামায়াতের আমীর ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, “সমাজ থেকে বৈষম্য ও দুর্নীতি দূর করে ন্যায়ভিত্তিক শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর।”
তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরেও দেশের মানুষ শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তার গ্যারান্টি পায়নি। কৃষক, শ্রমিক ও মেহনতি জনগণ আজও অধিকারহারা। আমরা মজলুম মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি এবং ন্যায়-ইনসাফের ভিত্তিতে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।
আনোয়ারী আরও বলেন, “আজ সমাজে বৈষম্য, দুর্নীতি ও অন্যায়ের দাপটে সাধারণ মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। দুর্নীতিবাজরা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ধনীকে আরও ধনী করছে, আর গরিব মানুষ দিন দিন অনিশ্চিত জীবনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এই অবস্থা পরিবর্তনে আমরা জনতার সহযোগিতা ও সমর্থন কামনা করছি।”
তিনি দুর্নীতি, চাঁদাবাজি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ গঠনে আসন্ন জাতীয় নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।
২৪ অক্টোবর সন্ধ্যায় অনুষ্ঠিত ওই সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আবদুর রহিম এবং সঞ্চালনা করেন ওয়ার্ড সেক্রেটারি হাফেজ বোরহান উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মজলিসে শূরা সদস্য ও উখিয়া উপজেলা আমীর অধ্যাপক আবুল ফজল, উপজেলা নায়েবে আমীর মাওলানা নুরুল হক, সেক্রেটারি মাওলানা সোলতান আহমদ, অর্থ সম্পাদক মাষ্টার মানসুর আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।










































