সংবিধানের অজুহাতে জুলাইয়ের অঙ্গীকার ভঙ্গ করছে সরকার: ড. হামিদুর রহমান আযাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ অভিযোগ করেছেন, সংবিধানের অজুহাত তুলে সরকার জুলাইয়ের গণআন্দোলনের অঙ্গীকার থেকে সরে যাচ্ছে।
মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে মহেশখালী উপজেলা দক্ষিণ আয়োজিত তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ড. আযাদ বলেন, জুলাই অভ্যূত্থান ছিল বৈষম্যহীন সমাজ, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার গণআকাঙ্ক্ষার প্রতিফলন। রাজনৈতিক দলগুলোর সংস্কারের প্রতিশ্রুতিই ছিল এর মূল ভিত্তি। কিন্তু বর্তমান সরকার সংবিধানকে ঢাল হিসেবে ব্যবহার করে সংস্কার প্রক্রিয়া এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বলে তিনি দাবি করেন। তিনি বলেন, সংবিধান জনগণের কল্যাণে প্রণীত—জনগণের ইচ্ছা উপেক্ষার জন্য নয়।
তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নে গণভোট একটি মীমাংসিত বিষয় এবং ১২ ফেব্রুয়ারি জনগণ গণভোটের পক্ষে রায় দিয়েছে। অথচ সরকার সংবিধানের দোহাই দিয়ে সেই রায় উপেক্ষা করছে। জনরায়ের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিলে জনগণই তার জবাব দেবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
বিচার বিভাগ প্রসঙ্গে ড. আযাদ বলেন, স্বাধীন ও রাজনৈতিক প্রভাবমুক্ত বিচার বিভাগ ছাড়া গণতন্ত্র সুসংহত করা সম্ভব নয়। গণভোটের বৈধতা নিয়ে আদালতকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টাও তিনি সমালোচনা করেন।
এ সময় নির্বাচন-পরবর্তী সহিংসতা, মব ভায়োলেন্স ও নানা অনিয়মের ঘটনায় দ্রুত পদক্ষেপ না নেওয়ার অভিযোগও তোলেন তিনি।
উপজেলা দক্ষিণ সেক্রেটারি আব্দুর রহিমের সঞ্চালনায় এবং উপজেলা দক্ষিণ আমীর মাস্টার শামিম ইকবালের সভাপতিত্বে সভায় কক্সবাজার জেলা কর্মপরিষদ সদস্য মো. জাকের হোসাইন, কক্সবাজার শহর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি কামরুল হাসান, সাবেক ছাত্রনেতা মো. আজিজসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

পূর্বের খবরএমপি আলমগীর ফরিদ এর গাড়ী বহরের চাপায় ঝরে গেল শিশুর তাজা প্রাণ।
পরবর্তি খবর“নব্য জাহেলিয়াত থেকে মুক্তির জন্য ইসলামী অনুশাসনের বিকল্প নেই “