ভোর থেকে লাইনে, দুপুরেও গ্যাসের দেখা নেই—সিএনজি সংকটে চরম ভোগান্তি

Online desk _

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সিএনজি সংকটে ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালকরা। গ্যাস নিতে বিভিন্ন ফিলিং স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। কোথাও কোথাও যানবাহনের সারি ছাড়িয়ে যাচ্ছে এক কিলোমিটার।

উত্তরার বিমানবন্দর সংলগ্ন মেসার্স মাসুদ এন্টারপ্রাইজে গ্যাসের জন্য প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ লাইন দেখা গেছে। চালকদের কয়েকজন জানান, তারা ভোর ৪টা থেকে লাইনে দাঁড়িয়ে দুপুর পর্যন্ত অপেক্ষা করেছেন।

প্রাইভেটকার চালক লালচাঁন জানান, ভোর ৫টায় লাইনে দাঁড়িয়ে প্রায় ছয় ঘণ্টা পর ১৭০ টাকার গ্যাস পেয়েছেন। আরেক চালক ইমরান প্রায় পাঁচ ঘণ্টা অপেক্ষার পর ২১৭ টাকার গ্যাস পেলেও প্রয়োজনের তুলনায় তা পর্যাপ্ত নয় বলে জানান।
চালকদের অভিযোগ, দীর্ঘ অপেক্ষার পাশাপাশি কোথাও কোথাও অর্থের বিনিময়ে লাইন উপেক্ষা করে গ্যাস দেওয়ার ঘটনাও ঘটছে। তবে পাম্প কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করে বলছে, জাতীয়ভাবে গ্যাসের সংকট ও কম প্রেসারের কারণে পর্যাপ্ত গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
এদিকে সামিটের এফএসআরইউ থেকে শুক্রবার সন্ধ্যা থেকে জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান জানিয়েছেন, ধীরে ধীরে গ্যাসের চাপ বাড়বে এবং মধ্যরাতের মধ্যে সরবরাহ স্বাভাবিক পর্যায়ে পৌঁছানোর আশা করা হচ্ছে।

পূর্বের খবরহরমুজ নিয়ে ট্রাম্পের হুমকি, কড়া জবাব ইরানের
পরবর্তি খবরলোহিত সাগর রক্ষায় সৌদি নেতৃত্বে নতুন নৌ জোট: সাফল্য নির্ভর করছে কার্যকারিতায়