প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় ইসলামী কল্যাণ রাষ্ট্রের বিকল্প নেই — অধ্যক্ষ আনোয়ারী

 

কক্সবাজার প্রতিনিধি | ১২ অক্টোবর ২০২৫

প্রান্তিক জনগোষ্ঠীর মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।

তিনি বলেন, “আমাদের দেশে প্রান্তিক জনগোষ্ঠী এখনো তাদের প্রাপ্য অধিকার ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। ইসলাম মানবতার সার্বিক কল্যাণ নিশ্চিত করতে তাগিদ দেয়। যার যা প্রাপ্য তা যথাযথ ব্যক্তির হাতে পৌঁছে দেওয়া ইসলামের নির্দেশনা। একমাত্র ইসলামী কল্যাণ রাষ্ট্রই সকল শ্রেণি-পেশার মানুষের অধিকার নিশ্চিত করতে পারে।”

শনিবার (১২ অক্টোবর) বিকেলে উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৪ ও ৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ আনোয়ারী আরও বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের অধিকার নিশ্চিত করতে হলে ইসলামী কল্যাণভিত্তিক রাষ্ট্র গঠন জরুরি। তাই প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও মানবিক সমাজ গঠনে দাঁড়িপাল্লা মার্কার বিজয় নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।”

গণসংযোগ কর্মসূচিতে জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, উপজেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ নূরুল হক, মাওলানা ফরিদ আহমদ, রাজাপালং ইউনিয়ন আমীর রুহুল আমিন, মাওলানা কবির আহমদ, মাওলানা ছৈয়দ হামজা, বদিউল আলম, আমীর হামজা ও জুবায়েরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্বের খবরকচ্ছপিয়ায় জামায়াতের সম্প্রীতি ও শ্রমিক সমাবেশে ভিপি বাহাদুর
পরবর্তি খবরগরীব দুঃখী মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করুন — ভিপি বাহাদুর