শাহপরীর দ্বীপে গণসংযোগে জেলা আমীর আনোয়ারী
কক্সবাজার, ৩১ অক্টোবর ২০২৫:
বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর ও কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, “রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরে প্রণীত জুলাই সনদ বাস্তবায়নের একমাত্র পথ হচ্ছে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন। একসঙ্গে নির্বাচন ও গণভোট হলে জুলাই সনদের গুরুত্ব হারাবে এবং দেশ আবারও পুরোনো স্বৈরাচারী ধারায় ফিরে যেতে পারে।”
তিনি বলেন, “দেশবাসীর প্রত্যাশা পূরণে নভেম্বরের মধ্যেই গণভোটের আয়োজন জরুরি। জনগণ আমাদের সরকার গঠনের সুযোগ দিলে সামাজিক সুবিচার, নিরাপত্তা ও সুষম উন্নয়ন নিশ্চিত করা হবে। দুর্নীতি ও লুটপাট বন্ধ করে স্বস্তি ও ন্যায়ভিত্তিক সমাজ গড়াই আমাদের অঙ্গীকার।”
শুক্রবার (৩১ অক্টোবর) সকাল থেকে শাহপরীর দ্বীপের মিস্ত্রী পাড়া, জালিয়া পাড়া ও তিন রাস্তার মাথা এলাকায় গণসংযোগ ও মাগরিবের পর শাহপরীর দ্বীপ বাজারে পথসভায় এসব কথা বলেন তিনি।
সাবরাং ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি শাহ মোহাম্মদ জুবায়েরের সভাপতিত্বে ও সহ-সচিব সেলিম উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সরওয়ার কামাল সিকদার, টেকনাফ পৌর জামায়াতের সহ-সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ ইসমাইল, আইনজীবী শাখা–২ জোনের সেক্রেটারি এডভোকেট আব্দুল আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।










































