জাকির নায়েককে বাংলাদেশে আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত

 

✍️ নিজস্ব প্রতিবেদক |

জনপ্রিয় ইসলামি বক্তা ড. জাকির নায়েককে আপাতত বাংলাদেশে প্রবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (৪ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, একটি প্রতিষ্ঠান জাকির নায়েককে আগামী ২৮ ও ২৯ নভেম্বর ঢাকায় আনতে চেয়েছিল। তাঁর ঢাকার বাইরেও কয়েকটি কর্মসূচি নেওয়ার পরিকল্পনা ছিল। তবে সভায় আলোচনায় উঠে আসে, জাকির নায়েক বাংলাদেশে এলে প্রচুর জনসমাগম হতে পারে, যা নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের প্রয়োজন হবে।
বর্তমানে নির্বাচনকে কেন্দ্র করে এমন মোতায়েন সম্ভব নয় বলে সিদ্ধান্ত হয়— জাতীয় নির্বাচনের আগে নয়, নির্বাচনের পর তাঁর আগমন বিবেচনা করা যেতে পারে।

উল্লেখ্য, ২০১৬ সালে ঢাকার হোলি আর্টিজান হামলার পর ভারত সরকার জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসে উসকানি ও বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগ আনে। পরবর্তীতে তিনি দেশ ছাড়েন এবং মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পূর্বের খবর🔹 জাতীয় নির্বাচনে নিরপেক্ষতার অঙ্গীকার: “দায়িত্বে অবহেলা করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা” — স্বরাষ্ট্র উপদেষ্টা
পরবর্তি খবরমহেশখালীতে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত