গোলটেবিল আলোচনায় বক্তারা: ৫০ বছরের মধ্যেই সমুদ্রপৃষ্ঠে বিলীন হতে পারে কুতুবদিয়া

 

টেকসই বেড়িবাঁধ ও দ্বীপের চারপাশে সবুজ বেষ্টনী গড়ে তোলা না গেলে আগামী ৫০ বছরের মধ্যেই সমুদ্রপৃষ্ঠে বিলীন হবে দক্ষিণ-পূর্ব বাংলাদেশের মূল ভূখণ্ড কুতুবদিয়া—এমন আশঙ্কা জানিয়েছেন বিশেষজ্ঞরা।

‘অস্তিত্বের সংকটে কুতুবদিয়া দ্বীপ: রাষ্ট্রের করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তারা বলেন, জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং অব্যাহত ভাঙনে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে দ্বীপটি। ইতোমধ্যে শত শত পরিবার ঘরবাড়ি, কৃষিজমি ও মাছের ঘের হারিয়ে জীবিকার চাকা থামিয়ে দিয়েছে।

বক্তারা সরকারের জরুরি উদ্যোগের দাবি জানিয়ে বলেন, সুরক্ষা বাঁধ নির্মাণ, ফেরি সার্ভিস চালু, প্রধান সড়ককে চার লেনে উন্নীতকরণ, ১০০ শয্যার হাসপাতাল, অনার্স-মাস্টার্স মানের কলেজ-মাদরাসা স্থাপন, উপকূলীয় সবুজ বেষ্টনী তৈরি ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন জরুরি।

রোববার (১০ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সম্মিলিত নাগরিক সমাজ আয়োজিত এ আলোচনায় সভাপতিত্ব করেন কুতুবদিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আকবর খান। স্বাগত বক্তব্য রাখেন বড়ঘোপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ ন ম শহীদ উদ্দিন ছোটন এবং প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. কামাল হোসাইন।

মূল আলোচক ছিলেন সাবেক এমপি ও জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আজাদ। আরও বক্তব্য দেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মনজুরুল আনোয়ার, কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম, এলজিআরডি তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনজুর সাদেক, সাবেক অ্যাটর্নি জেনারেল আলমগীর কবির, কুতুবদিয়া উপজেলা জামায়াতের আমীর আ শ ম শাহরিয়ার চৌধুরী, সাবেক চেয়ারম্যান জালাল আহমদ, দক্ষিণ ধুরুং ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ, কুতুবদিয়া সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক মুজিবুল হক বাচ্চু, কুতুবদিয়া সমিতি কক্সবাজারের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক হুমায়ুন সিকদার, কুতুবদিয়া ছাত্র পরিষদ চট্টগ্রামের আহ্বায়ক নওশাদ আলভি প্রমুখ।

পূর্বের খবর“সাম্য ও মানবিক মর্যাদার ভিত্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণে জামায়াত বদ্ধপরিকর”
পরবর্তি খবরহোয়ানক পানিরছড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণ, মানববন্ধনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি