মাতারবাড়ীতে জ্বলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন – দ্রুত পুনর্বাসন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জামায়াতের

মাতারবাড়ী প্রতিনিধি: প্রবল বর্ষণ ও জ্বলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত মাতারবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সম্ভাব্য প্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। পরিদর্শন শেষে রোববার (২ আগস্ট) দুপুরে মাতারবাড়ী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ড. হামিদুর রহমান আযাদ বলেন, সাম্প্রতিক দুর্যোগে মহেশখালী-কুতুবদিয়ার অসংখ্য বাড়িঘর ও সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো শত শত মানুষ গৃহহীন অবস্থায় অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। তিনি ক্ষতিগ্রস্তদের গৃহসংস্কার ও স্থায়ী পুনর্বাসনে সরকারের দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে মাতারবাড়ীসহ মহেশখালী-কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান।
তিনি আরও বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু সরকারের নয়, সমাজের সামর্থ্যবান ব্যক্তি, রাজনৈতিক দল, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সবার নৈতিক দায়িত্ব।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী বলেন, সাগরভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের স্থায়ী পুনর্বাসন ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্তরা অবহেলার শিকার হচ্ছেন। পাশাপাশি তিনি স্থানীয় সংসদ সদস্যের দায়িত্বহীনতার সমালোচনা করে বলেন, দুর্যোগের পরও তিনি ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে আসেননি।
মাতারবাড়ী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা বশির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, জেলা কর্মপরিষদ সদস্য জাকের হোছাইন, মহেশখালী উপজেলা উত্তর শাখার আমীর নজরুল ইসলাম, কক্সবাজার শহর যুব বিভাগের সভাপতি কামরুল হাসান, মাতারবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মিনহাজুল আবেদীন নান্নু ও সাবেক ছাত্রনেতা আব্দুল আজিজ। এ ছাড়া উপজেলা ও স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে মাতারবাড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাইরার ডেইল এলাকায় সাগরভাঙনে ক্ষতিগ্রস্ত ও গৃহহীন ১৫২টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

পূর্বের খবরগণভোট পাশ কাটানোর ষড়যন্ত্র বন্ধের আহ্বান জেলা জামায়াত আমীরের
পরবর্তি খবরচাল এখন মাত্র ১৫ টাকায়: ৫৫ লাখ পরিবারের জন্য সরকারের বড় স্বস্তি