জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সাম্য ও মানবতাবাদী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে কক্সবাজারে শুরু হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। ‘নজরুল বর্ষ’ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় শহরের পাবলিক লাইব্রেরীর শহিদ সুভাষ হলে নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (নজরুল ও কারুশিল্প শাখা) মাকসুদা খন্দকার। অনুষ্ঠানের সূচনা হয় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শাহিদুল আলমের স্বাগত বক্তব্যের মাধ্যমে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম কেবল বিদ্রোহের কবি নন, তিনি ছিলেন সাম্য, অসাম্প্রদায়িকতা ও স্বাধীন চেতনার প্রতীক। তাঁর কালজয়ী সাহিত্য ও সংগীত বাঙালির সামাজিক-সাংস্কৃতিক জীবনে গভীর প্রভাব ফেলেছে। ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে সাম্য ও মানবতার কথা বলা এই মহাকবির চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।
উদ্বোধনী পর্ব শেষে জাসাস (কক্সবাজার শাখা), জেলা শিল্পকলা একাডেমি ও সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
আয়োজকেরা জানান, দেশব্যাপী আয়োজিত এই নজরুল প্রতিযোগিতা আগামী ২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত চলবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম কবির, জেলা শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গুলশান আক্তার, শিক্ষাবিদ সোমেশ্বর চক্রবর্তী, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান, সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম হেলালী এবং সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা নাছির উদ্দীন।
এ সময় স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।












































