ঐকমত্য কমিশনের কার্যক্রম শেষ, সুপারিশ পেশ মঙ্গলবার

 

রওশন আলী। অনলাইন ডেস্ক –

ঢাকা: জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নির্ধারণে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন আগামীকাল (মঙ্গলবার) দুপুর ১২টায় সরকারের কাছে তাদের চূড়ান্ত সুপারিশ হস্তান্তর করবে।

আজ সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলী রীয়াজ, সদস্য বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. আইয়ুব মিয়া এবং বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “কমিশনের আলোচনা, দলিল, ছবি ও ভিডিও সংরক্ষণ করা জরুরি। এগুলো হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিহাসের দলিল।”

বৈঠকে সদস্যরা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও অন্যান্য সংস্কার কমিশনের সুপারিশ কার্যকর করতে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

প্রফেসর আলী রীয়াজ বলেন, “গণঅভ্যুত্থানের সুযোগ যেন হারিয়ে না যায়। সংস্কারের রূপরেখাই আমাদের প্রধান দায়িত্ব ছিল।”
ড. বদিউল আলম মজুমদার বলেন, “জুলাই সনদ বাস্তবায়নে সরকারের দৃঢ়তা ও সাহসিকতা দরকার।”
বিচারপতি এমদাদুল হক ও সফর রাজ হোসেনও রাজনৈতিক সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।

কমিশনের মেয়াদ শেষ হবে ৩১ অক্টোবর। এরপরও সদস্যরা নাগরিক হিসেবে সরকারের প্রয়োজনে সহযোগিতা অব্যাহত রাখবেন বলে জানান।

পূর্বের খবর📰 গণমাধ্যমে শৃঙ্খলা আনতে নতুন নীতিমালা আসছে: তথ্য উপদেষ্টা
পরবর্তি খবরজুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর