ঢাকা, ৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীর রায়েরবাজার কবরস্থান থেকে ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত ১১৪ জন অজ্ঞাতনামা শহীদের মরদেহ উত্তোলন কার্যক্রম রোববার শুরু হচ্ছে। ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. জসিম উদ্দিন খান জানান, আদালতের নির্দেশ অনুযায়ী সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকালে উত্তোলন শুরু হবে, এরপর ডিএনএ নমুনা ও ময়নাতদন্ত শেষে মরদেহগুলো যথাযথ মর্যাদায় পুনরায় দাফন করা হবে।
রোববার সকাল সাড়ে ৯টায় সিআইডির অতিরিক্ত আইজিপি মো. সিবগত উল্লাহ কবরস্থানে উপস্থিত থেকে সাংবাদিকদের ব্রিফ করবেন। এ সময় ফরেনসিক বিশেষজ্ঞ লুই ফন্দেব্রাইডারসহ নৃবিজ্ঞানীদের একটি দল উপস্থিত থাকবে। কবরস্থানে ইতোমধ্যে তাবু ও প্রয়োজনীয় সরঞ্জাম স্থাপন করেছে অপরাধ দৃশ্য ইউনিট।
গত বছর বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ১১৪ জনকে অজ্ঞাত পরিচয়ে সেখানে দাফন করা হয়। ভবিষ্যৎ আইনগত ব্যবস্থা ও পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের লক্ষ্যে তাদের পরিচয় নিশ্চিত করা জরুরি বলে আবেদনে জানিয়েছিল পুলিশ।












































