প্রশাসক নিয়োগের মাধ্যমে নব্য বাকশাল কায়েমের চেষ্টা চলছে: ড. হামিদুর রহমান আযাদ

​নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা ও নাশকতা নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। একইসঙ্গে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগকে তিনি ‘নব্য বাকশালী শাসন’ প্রতিষ্ঠার অপচেষ্টা হিসেবে অভিহিত করেছেন।

​মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে হাসপাতাল সড়কস্থ দলীয় মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​ড. হামিদুর রহমান আযাদ বলেন, গোপালগঞ্জে রাজনৈতিক প্রতিপক্ষ, জুলাইযোদ্ধা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলাসহ যানবাহন ও সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রমাণ। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো কীভাবে প্রকাশ্যে এমন নাশকতা চালানোর সাহস পাচ্ছে, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। এছাড়া, অর্থের বিনিময়ে বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসনে সহযোগিতার যে অভিযোগ উঠেছে, তারও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

​সমাবেশে জামায়াতের এই কেন্দ্রীয় নেতা দাবি করেন, শুধু বিজিবি মোতায়েন বা ডিসি-এসপিকে প্রত্যাহার করে সরকার দায় এড়াতে পারে না। তিনি অবিলম্বে গোপালগঞ্জের সহিংসতার পরিকল্পনাকারী ও অর্থদাতাদের গ্রেপ্তার এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান।

​স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে ড. আযাদ বলেন, জেলা থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত দলীয় বিবেচনায় প্রশাসক নিয়োগ দিয়ে সরকার জনগণের ভোটাধিকার সংকুচিত করছে এবং নির্বাচনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। তিনি অবিলম্বে নিয়োগকৃত সব প্রশাসকের নিয়োগ বাতিল করার দাবি জানান এবং এই প্রশাসকদের আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।

​জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে এবং সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে জেলা আমীর ২০২৭-২০২৮ কার্যকালের জন্য গঠিত জেলা মজলিশে শূরা এবং নতুন উপজেলা আমীরদের নাম ঘোষণা ও শপথবাক্য পাঠ করান।

পূর্বের খবর“আদর্শ শিক্ষক, সৎ মানুষ ও নিবেদিতপ্রাণ সংগঠক ছিলেন মাস্টার নজরুল ইসলাম”
পরবর্তি খবর‘কক্সবাজার পর্যটন কার্নিভাল’ আয়োজনকে কেন্দ্র করে ঝাউগাছ কাটার বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ও গুজব বিষয়ে স্পষ্টীকরণ